বিজ্ঞানের গল্প ও বৈজ্ঞানিক প্রক্রিয়া
গল্পের শুরু
সূর্যটা যখন দূরের পাহাড়গুলোর ওপারে হারিয়ে যায়, রক্তিম লাল রং ধরে আকাশটা। তারপর আঁধার রাত নামে। কোনো কোনো রাতে চাঁদটা মায়াবি মৃদু আলো ছড়ায়। কোনো রাতে আবার কোন আবরণের আড়ালে যেন লুকিয়ে যায় চাঁদটা। কিন্তু রাত যত আঁধার হোক, আবার সূর্যটা কিন্তু ঠিকই ফিরে আসে আলোময় দিন নিয়ে।
আজ থেকে নিযুত বছর আগেও মানুষ নিশ্চয়ই ভেবেছে সেসব নিয়ে। কৌতুহল যে আমাদের অস্তিত্বের সাথে গাঁথা। আবার যখন নিয়মিত একই জিনিস হয়, সেই প্যাটার্নটাও আমরা খুঁজে নিতে পারি সহজেই। আমরা যুক্তি-কার্যকারণ খুঁজতে পারি, চিন্তা করতে পারি। বিজ্ঞানের শুরুটা এখানেই। আমাদের চিন্তায়, আমাদের কৌতুহলে।
আজ থেকে লাখো বছর আগে মানুষ ঠিক কী ভাবতো প্রকৃতিকে নিয়ে? এই যে দিন-রাতের চক্র, ঋতুর পালাবদল, জন্ম-মৃত্যু আর প্রকৃতির অমোঘ সব নিয়ম? আমরা জানি না। আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগে প্রথম প্রথম বর্ণের ব্যবহারে অতীতকে ধরে রাখা শুরু হয়। ওটা সেই সময় যখন সুমেরীয়, মিশরীয় এরকম সভ্যতাগুলো গড়ে উঠতে শুরু করেছে।
বিভিন্ন সভ্যতাগুলোতে আমরা দেখি তাদের নিজ নিজ পৌরাণিক কাহিনী বা মিথোলজির বিকাশ হয়েছে। মিথোলজিতে আমরা দেখি অতিপ্রাকৃত কথা দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যা। যেমন গ্রিসের মিথোলজিতে ছিলো হেলিওস প্রতিদিন তার রথে করে পূর্বের ওসেনাস নদী থেকে পশ্চিম দিকে যাত্রা করতেন, যেটাকে আমরা দেখি সূর্যোদয় ও সূর্যাস্ত হিসেবে।
তো মানুষের কৌতুহল আর কল্পনাশক্তির এই একটা দিক। যদি কোন নিয়মের বাঁধা না থাকে, তাহলে আমাদের কল্পনা অনেকরকম দিকে নিয়ে যেতে পারে। এবং প্রায়সময়ই আমরা শুধু চিন্তা ও কল্পনা দিয়ে আমরা সঠিক বা সত্যকে উদঘাটন করতে পারি না।
পরবর্তীকালে আমরা নতুন ধরণের একটা প্রচেষ্টা দেখি- প্রকৃতিকে প্রকৃতির নিয়ম দিয়ে ব্যাখ্যার চেষ্টা। অর্থাৎ প্রকৃতিতে কোন ঘটনাগুলো কখন ঘটে, কীভাবে ঘটে আমরা পর্যবেক্ষণ করবো এবং প্রকৃতি সেখানে কোন নিয়মগুলো মেনে চলছে চিন্তা করার চেষ্টা করব। এই প্রচেষ্টাকে আমরা বলি প্রাকৃতিক দর্শন। বলা যায় এটা আধুনিক বিজ্ঞানের সূচনালগ্নের প্রথম ধাপ।
পরবর্তীতে পর্যায়ক্রমে বিভিন্নজনের অবদানে এই প্রচেষ্টা নিয়মতান্ত্রিক একটা রূপ পায়। যেখানে আমরা পরীক্ষণ ও রিজনিং (যুক্তিপ্রয়োগ) এর মাধ্যমে যাচাই-বাছাই করে কোন বিষয়কে প্রমাণ করার চর্চা শুরু করি। বলা যায় এটাই হলো বিজ্ঞান।
তাহলে বিজ্ঞান হলো পরীক্ষণ, পর্যবেক্ষণ ও যৌক্তিক চিন্তার ভিত্তিতে প্রকৃতির বিষয়ে জ্ঞান অর্জনের প্রচেষ্টা। এই প্রক্রিয়া এবং এর মধ্য দিয়ে অর্জিত জ্ঞান হলো বিজ্ঞান।
বৈজ্ঞানিক প্রক্রিয়া
কোন কিছুকে বিজ্ঞান বলতে হলে ওটা কিছু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে প্রমাণিত হতে হবে। ব্যাপারটা যে একদম ধরাবাঁধা ধাপ মেনে চলে এমনটা নয়, তবে সাধারণ একটা চিত্র বোঝার জন্য আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়াকে এভাবে বর্ণনা করতে পারি-
১. প্রশ্ন বা সমস্যা নির্বাচন: আমাদের শুরুটা হতে পারে একটা প্রশ্ন থেকে, যার উত্তর আমরা খোঁজার চেষ্টা করব
২. বিদ্যমান তথ্য সংগ্রহ: বিজ্ঞান একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমাদের আগে যে কাজগুলো হয়েছে এধরণের প্রশ্ন নিয়ে সেগুলো আমাদের বর্তমান প্রশ্নের উত্তরে সাহায্য করতে পারে
৩. সম্ভাব্য ফলাফল অনুমান: পরীক্ষণপদ্ধতি সাজানোর জন্য অনেকসময়ই শুরুতে একটা সম্ভাব্য ফলাফল ধারণা করে নিতে হয়, এরপর আমরা যাচাই করে দেখি সেটা সঠিক না ভুল
৪. পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি: আমরা যে অনুমান করেছি, সেটার সত্যতা কীভাবে যাচাই করা যায়, তার জন্য উপযোগী করে আমাদের পরীক্ষণ ও ফল সংগ্রহের প্রস্তুতি নিতে হয়
৫. পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ
৬. প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ: পরীক্ষণের ফলাফল থেকে আমরা প্রয়োজনমত বিশ্লেষণ করি অনুমানকৃত সম্ভাব্য ফলাফলের সাথে মিলছে কিনা বোঝার জন্য
৭. সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন: যে আমাদের ধারণা করা উত্তরটা ভুলও হতে পারে, পরীক্ষা করে সেটা জানতে পারাও কিন্তু একরকম সার্থকতা!
৮. ফল প্রকাশ: আমাদের পরবর্তীরা যেন এই পরীক্ষণ থেকে উপকৃত হতে পারে, বা পরবর্তী গবেষকরা যেন আরো এগিয়ে নিতে পারে, সেজন্য ফল প্রকাশ করা গুরুত্বপূর্ণ অনুসঙ্গ।
এটাও জরুরী যে একটা পরীক্ষণ পরবর্তীতে পুনরায় যাচাইযোগ্য হচ্ছে। পুনঃপরীক্ষণের মধ্য দিয়ে হয়ত এমন কোন উপাত্ত উঠে আসতে পারে, যাতে আমাদের আগের ধারণা আরো সমৃদ্ধ রূপ পাচ্ছে। এভাবে পর্যায়ক্রমে প্রকৃতিকে আরো গভীরভাবে উপলদ্ধির শিল্প হলো বিজ্ঞান।
পরীক্ষণ কীভাবে হতে পারে, এর একটা উদাহরণ তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা-৩ এ দেয়া হয়েছে।