প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
জীবজগতের আধুনিক শ্রেণিবিন্যাসে কিছু বৈশিষ্ট্য উপস্থিত থাকলে সে জীবগুলোকে প্রাণী হিসেবে চিহ্নিত করা হয়, যেমন- বহুকোষী, খাদ্যের জন্য অন্য জীবের ওপর নির্ভরশীল, সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর অনুপস্থিত। এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে সকল প্রাণীকে আধুনিক শ্রেণিবিন্যাসে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে।
পূর্বে প্রোটোজোয়া পর্বের অধীন এককোষী কিছু জীবকে প্রাণী হিসেবে চিহ্নিত করা হত। বর্তমান শ্রেণিবিন্যাসে প্রোটোজোয়া-কে প্রোটিস্টা জগতের একটি উপজগৎ হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ, এখন আর এদেরকে প্রাণী হিসেবে চিন্তা করা হয় না।
প্রাণীজগতের শ্রেণিবিন্যাস
প্রাণীজগতের মধ্যে মোট ৩৩টি পর্ব আছে। তার মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে ৯টি পর্বকে মেজর পর্ব বলা হয়। বাকি ২৪টি পর্ব নন-মেজর পর্ব।
মেজর পর্বগুলো হলো-
- পরিফেরা (Porifera)
- নিডারিয়া (Cnidaria)
- প্লাটিহেলমিনথেস (Platyhelminthes)
- নেমাটোডা (Nematoda)
- অ্যানেলিডা (Annelida)
- আর্থ্রোপোডা (Arthropoda)
- মলাস্কা (Mollusca)
- একাইনোডারমাটা (Echinodermata)
- কর্ডাটা (Chordata)
পরিফেরা থেকে একাইনোডারমাটা পর্যন্ত ৮টি মেজর পর্বের প্রাণীরা অমেরুদন্ডী। সকল মেরুদন্ডী প্রাণীকে কর্ডাটা পর্বের অধীনে রাখা হয়েছে।