স্লাইড ক্যালিপার্সের মতই স্ক্রু গেজ মিটার স্কেল থেকে সূক্ষ্মতর পরিমাপের আরেকটি যন্ত্র, পার্থক্য হলো এখানে প্রধান স্কেলের সাথে সূক্ষ্মভাবে পরিমাপের জন্য স্ক্রু দ্বারা নিয়ন্ত্রিত একটি বৃত্তাকার স্কেলের সহায়তা নেয়া হয়। সাধারণত স্ক্রু গেজে স্লাইড ক্যালিপার্স থেকে আরো একটু সূক্ষ্মতর মাপ নেয়া সুবিধাজনক, যেমন mm এর শতাংশ পর্যন্ত। এখানে যেহেতু একটা স্কেল বৃত্তাকার, তাই প্রধান স্কেলকে আমরা রৈখিক স্কেল বা linear scale বলি, আর বৃত্তাকারটি বৃত্তাকার স্কেল বা Circular scale।

স্ক্রু গেজ: মিটার স্কেল অপেক্ষা সূক্ষ্মতরভাবে মাপার যন্ত্র, যেখানে রৈখিক স্কেলের সাথে একটি বৃত্তাকার স্কেল ব্যবহার করা হয়।

স্ক্রু গেজে পরিমাপ

স্ক্রু গেজে শুরুতে ওপরের ছবির মত অবস্থায় রৈখিক স্কেলের 0 বরাবর বৃত্তাকার স্কেলের 0 থাকে। বৃত্তাকার স্কেলকে ঘোরাতে থাহলে রৈখিক স্কেল বরাবর এর সরণ ঘটে। পুরো একবার ঘোরানো হলে এটা রৈখিক স্কেল বরাবর 1 mm মুভ করবে।

ধরা যাক বৃত্তাকার স্কেলে 50 টা দাগ কাটা। তো পুরো একবার ঘোরানো মানে 50 দাগ বা 50 ভাগ ঘোরানো। 50 ভাগ ঘোরানো হলে 1 mm মুভ করছে। তাহলে যদি এর অর্ধেক, মানে 25 ভাগ ঘোরানো হয়, তাহলে 0.5 mm মুভ করবে। একইভাবে 1 ভাগ ঘোরানো হলে 1/50 mm বা 0.02 mm মুভ করবে। একইভাবে কত ভাগ ঘোরানো হয়েছে এটা দিয়ে আমরা mm এর ভগ্নাংশ বের করতে পারবো। এটাই বেসিকালি স্ক্রু গেজের মূল আইডিয়া।

যেমন নিচের ছবিতে দেখো 9 mm এর দাগ অতিক্রমের পর বৃত্তাকার স্কেল আরো 6 দাগ অতিক্রম করেছে। তাহলে প্রত্যেক দাগের জন্য 1/50 mm, 6 দাগের জন্য 6/50 mm বা 0.12 mm। তাহলে মোট দৈর্ঘ্য হবে 9 mm + 0.12 mm = 9.12 mm

পিচ: স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি ‘এক বার’ ঘোরালে রৈখিক স্কেল বরাবর এর যে সরণ ঘটে, তাকে পিচ বলে। ১ বার অর্থ ৩৬০ ডিগ্রি ঘোরানো। ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন (LC): স্ক্রু গেজের বৃত্তাকার স্কেলটি ‘এক ভাগ’ ঘোরালে রৈখিক স্কেল বরাবর এর যে সরণ ঘটে, তাকে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন (least count) বলে।

ওপরের উদাহরণে আমাদের স্ক্রু গেজে বৃত্তাকার স্কেলে ৫০ ভাগ করা ছিলো। ১ বার স্ক্রু গেজটি ঘুরিয়ে আনলে প্রধান স্কেল বরাবর এর সরণ ছিলো 1 mm, অর্থাৎ এর পিচ 1 mm। আর লঘিষ্ঠ গণন 0.02 mm

আমরা সূত্র আকারে আনতে পারি, ন্যূনাঙ্ক = পিচ / বৃত্তাকার স্কেলের ভাগসংখ্যা

আর স্ক্রু গেজে পরিমাপের সূত্র, দৈর্ঘ্য = L + C × LC

যেখানে, L = রৈখিক স্কেল পাঠ C = বৃত্তাকার স্কেল পাঠ LC = ন্যূনাঙ্ক