মানুষের সূচনালগ্ন থেকেই প্রকৃতির বিভিন্ন রহস্য নিয়ে নিশ্চয়ই সে প্রশ্ন করেছে এবং উত্তর খুঁজেছে। আমাদের চিন্তাশক্তি যদিও অসাধারণ, শুধু চিন্তা আর অনুমান আমাদের অনেকসময়ই ভুল ধারণার দিকে পৌঁছে দেয়। আমাদের ধারণাগুলো পদ্ধতিগতভাবে যাচাই করেই কেবল আমরা নিশ্চয়তার দিকে যেতে পারি। বিজ্ঞান মূলত এই চেষ্টার নাম।

বাংলা ভাষায় বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। ইংরেজি Science শব্দটা এসেছে ল্যাটিন শব্দ Scientia থেকে, যার অর্থ জ্ঞান। তবে পারিভাষিক অর্থে বিজ্ঞান আরো বিস্তৃত একটা ধারণা বহন করে। বিজ্ঞান কী, এই উত্তর যদি সত্যিকার অর্থে খুঁজে পেতে হয়, তাহলে আমাদের ফিরে যেতে হবে আমাদের গল্পে।

আজ থেকে অযুত বা লাখো বছর আগে মানুষ ঠিক কীভাবে প্রকৃতি নিয়ে চিন্তা করেছে, আজকের দিনে এসে তার খুব বেশি হয়ত আমরা আর জানতে পারবো না। গল্পের শুরুতে আমরা বলেছিলাম লেখালেখির বিকাশের সূচনা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে, সভ্যতার উত্থানের ফলশ্রুতিতে।

আমরা দেখি বিভিন্ন সভ্যতার মানুষ প্রকৃতি নিয়ে প্রশ্নের উত্তর বিভিন্নভাবে খুঁজেছে। চিন্তায়-অনুমানে, বিজ্ঞজনদের কথায় বা পৌরাণিক গল্পে। বিভিন্ন সভ্যতার পৌরাণিক গল্পগুলোতে প্রকৃতির ঘটনাগুলোকে দেব-দেবী বা বীরদের কৃতিত্বরূপে ব্যাখ্যা করতে দেখা যায়। যেমন- আকাশটা কীভাবে তার জায়গায় আছে? গ্রিক মিথোলজি এর উত্তরে বলবে অ্যাটলাস নামের টাইটান আকাশটাকে অনন্তকালের জন্য ধরে রেখেছে। প্রকৃতিকে এরকম বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায় বটে, তবে এই ব্যাখ্যাগুলো যাচাইযোগ্যতার সীমার বাইরে।

পর্যায়ক্রমে আজকে থেকে প্রায় আড়াই হাজার বছর আগে আমরা আরেকটা ধারা বিকাশ হতে দেখি, যেটাকে আমরা বলতে পারি প্রাকৃতিক দর্শন। প্রাকৃতিক দর্শন বিভিন্ন ঘটনার পেছনের দৃষ্টির অতীত অতিপ্রাকৃত ব্যাখ্যার পরিবর্তে বরং ঘটনাটা কোন নিয়মগুলো মেনে চলছে তা খুঁজে বের করার চেষ্টা করা শুরু হয়। অর্থাৎ, প্রকৃতির নিয়ম দিয়েই প্রকৃতিকে ব্যাখ্যা করার চেষ্টা।

মানুষের একটা অসাধারণ বৈশিষ্ট্য হলো প্যাটার্ন খুঁজে নেয়ার দক্ষতা। আমরা দেখি আপেলটা প্রতিবার গাছ থেকে ঠিক ঠিক মাটিতে পড়ে, কিন্তু পাখিগুলো আবার ডানা মেলে আকাশটাতে বেশ উড়ে বেড়ায়।

আমাদের শুরুতে মনে হতে পারে আপেলের নিয়ম মাটির দিকে পড়া, আর পাখির নিয়ম হলো বাতাসে ভেসে বেড়ানো। কিন্তু আমরা যখন প্রকৃতিকে আরো গভীরভাবে বুঝবো, তখন আমরা জানবো ঠিক একই নিয়ম কীভাবে কাউকে হাওয়ায় ভাসিয়ে রাখে, আর কাউকে টেনে আনে মাটিতে। নিয়মটা ভালোভাবে বুঝে ফেললে আমরা সেটা হয়ত কাজেও লাগাতে পারবো, যেমন এখন আমরা এরোপ্লেনে আকাশযাত্রা করতে পারি।

এখন প্রকৃতিকে এভাবে বোঝার জন্য আমাদের প্রচেষ্টা কীভাবে হবে? প্রাকৃতিক দর্শনের শুরুর দিকে এখানে তেমন পদ্ধতিগত কোন ব্যাপার ছিলো না। পর্যবেক্ষণ, বিশ্লেষণ, চিন্তা প্রভৃতি থেকে সিদ্ধান্ত নেয়া। কিন্তু পর্যায়ক্রমে বিভিন্নজনের অবদানে এটা একটা নিয়মতান্ত্রিক দিকে রূপ নিতে থাকে। যেখানে শুধু অনুমাননির্ভর ধারণা যথেষ্ট না, বরং পরীক্ষণ ও পর্যবেক্ষণের আলোকে কোনকিছুকে উত্তীর্ণ হতে হয়। এই যে প্রকৃতির নিয়ম দিয়ে প্রকৃতিকে ব্যাখ্যার নিয়মতান্ত্রিক প্রচেষ্টা, এটাকেই আমরা বলতে পারি বিজ্ঞান।

তাহলে, বিজ্ঞানের সংজ্ঞা আমরা দিতে পারি- পর্যবেক্ষণ, পরীক্ষণ ও পরিমাপ প্রভৃতির আলোকে প্রমাণযোগ্য তথ্যের ভিত্তিতে ভৌত জগতের গঠন ও আচরণগত বিষয়ে অধ্যয়ন ও তার ভিত্তিতে গড়ে ওঠা জ্ঞান।

বিজ্ঞানকে শুধু ‘জ্ঞান’ চিন্তা না করে ‘মানুষের জ্ঞান আহরণের প্রচেষ্টার একটি ধারা’ চিন্তা করাটাই বিজ্ঞানের আরো পূর্ণ একটা ধারণা দিবে। এর শুরুটা হয় আমাদের পর্যবেক্ষণ থেকে। এরপর আমরা পরীক্ষা-নীরিক্ষা করে তাকে গভীরভাবে জানা ও বোঝার চেষ্টা করি। তবে আমাদের অনুসন্ধানের সীমাবদ্ধতা থাকে। প্রকৃতির অসীম রহস্য আমাদের কাছে যত উন্মোচিত হয়, নতুন আরো প্রশ্নের তৈরি হয়। আজকের অনুসন্ধান যেখানে শেষ হয়েছে, কাল হয়ত সেখান থেকে কেউ শুরু করেন। এভাবে বিজ্ঞান ক্রমশ আরো মৌলিকভাবে প্রকৃতিকে জানার চেষ্টা করে।

বিজ্ঞানের প্রয়োগক্ষেত্র হলো ভৌত জগৎ। ভৌত জগৎ বলতে যা কিছু ভর ও শক্তির সমন্বয়ে তৈরি। আমাদের মনস্তত্ত্ব, চিন্তা, অনুভূতি, আচরণ প্রভৃতির বাহ্যিক কিছু দিক নিয়ে বিজ্ঞান কাজ করতে পারে বটে, কিন্তু মৌলিকভাবে বিজ্ঞান এই বিষয়গুলোর গভীরে যেতে পারে না।

এরপর বিজ্ঞান শুধুমাত্র প্রমাণ ও যাচাইযোগ্য জিনিস নিয়ে কাজ করে। যেমন আমরা প্রকৃতির নিয়ম নিয়ে বলেছি। আমরা এই নিয়মগুলোকে যখন আরো মৌলিক পর্যায় থেকে বোঝার চেষ্টা করতে পারি, কিন্তু সবচেয়ে মৌলিক পর্যায়ে এই নিয়মগুলো কেন এরকম, এই প্রশ্নটার উত্তর অন্তত বর্তমান বিজ্ঞানের সীমারেখার বাইরে থাকবে।

নীতি-নৈতিকতা, মূল্যবোধ, ভালো-খারাপ এই ধারণাগুলোও বিজ্ঞানের সীমারেখার মধ্যে পড়ে না। যেমন, চুরি করা কেন খারাপ- এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারবে না। ভালো-খারাপ, ন্যায়-অন্যায়, অপরাধ এই ধারণাগুলো আমাদের মধ্যে অনেকটা অন্তর্নিহিত। কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে প্রমাণ করতে পারবো না খারাপ কাকে বলে। হ্যা, চুরিতে বাহ্যিকভাবে সমাজে কী কী প্রভাব পড়ে তা যাচাইয়ের জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হতে পারবো কিংবা খারাপের একটা সংজ্ঞা দিয়ে দেয়া হলে চুরি সেই সংজ্ঞার শর্তগুলো পূরণ করে কিনা আমরা হয়ত বৈজ্ঞানিকভাবে দেখাতে পারবো।

বর্তমান সময়ে বিজ্ঞানের জনপ্রিয়তা ও সাফল্যের অনেক অপব্যবহার হয়। যেমন, বিভিন্ন মতবাদ, যা বিজ্ঞানের সীমারেখার মধ্যেই নেই, তাকে গ্রহণযোগ্যতা দিতে বিজ্ঞানের ছদ্মবেশ দেয়া হয়। একইভাবে বিজ্ঞানেই সবকিছুর সমাধান, এমন একটা চিত্র তুলে ধরাটাও সাধারণত অসৎ উদ্দেশ্য থেকে হয়। বিজ্ঞান মানুষের জ্ঞানচর্চার চমৎকার একটা ধারা কোন সন্দেহ নেই। কিন্তু আমাদের গল্পটা তার থেকে আরো বিস্তৃত। বিজ্ঞান, দর্শন, ধর্ম, সমাজ, শিল্প, সাহিত্য, প্রথা, অর্থনীতি, রাজনীতি, বোধবুদ্ধি সবকিছু তার অংশ। শুধু একটা দিক থেকে সবকিছু দেখার চেষ্টা একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দিকে নিয়ে যায়।