স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব, নীতি...
বিজ্ঞান পড়ার সময় স্বীকার্য, অনুকল্প, তত্ত্ব, নীতি প্রভৃতি শব্দগুলোর সাথে প্রায়শই দেখা হবে। তাই এদের অর্থ জেনে নেয়া ভালো।
সংজ্ঞা বা Definition দিয়ে বোঝায় কোন পরিভাষা (term) দিয়ে আমরা কী অর্থ প্রকাশ করি। যেমন কেউ যদি বলে বিশেষ জ্ঞান মানেই বিজ্ঞান, এটা শাব্দিক অর্থে সঠিক হলেও পারিভাষিকভাবে কোন কিছুকে বিজ্ঞান বলতে কিছু শর্ত পূরণ করতে হয় যা আমরা আলোচনা করেছি। অনেক সময় কোন শব্দকে ভুল অর্থে ব্যবহার করে বিভ্রান্তি বা বিতর্কের সূচনা হয়। এজন্য সংজ্ঞার ব্যাপারটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
স্বীকার্য বা Axiom বা Postulate হলো এমন কোন কথা যা সত্য হিসেবে স্বীকার করে নেয়া হয়। বিজ্ঞান, গণিত প্রভৃতি বিভিন্ন স্বীকার্যের ওপর দাঁড়িয়ে আছে। যেমন ধরা যাক, আমি দুইবার তিন লিখলাম- 3, 3। এই দুইটা 3 এর মান সমান, এটা আমি কীভাবে প্রমাণ করব? তো এরকম কিছু মৌলিক বিষয় আছে, যা আমরা প্রমাণের ওপর নির্ভর করি না, বরং সিমপ্লি মেনে নিই।
অনুকল্প বা Hypothesis হলো একটি প্রস্তাবিত ব্যাখ্যা। হাইপোথিসিস মূলত কোন গবেষণার ভিত্তি তৈরি করে, অর্থাৎ গবেষণা করে আমরা দেখি প্রস্তাবিত কোন হাইপোথিসিস সঠিক কিনা।
যেমন আমরা হয়ত একটা হাইপোথিসিস দিলাম যে ইঞ্জিনের ফুয়েল চেম্বারকে দুই ভাগ করলে তাপ নির্গমন আরো ভালো হবে। এবং এরপর আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে এই ধারণার সত্যতা যাচাই করতে পারি।
তত্ত্ব বা Theory হলো বৈজ্ঞানিক পরীক্ষণের মাধ্যমে সমর্থিত কোন ব্যাখ্যা। এটা পুনরায় পরীক্ষণ ও যাচাইযোগ্য হতে হয়।
এমন হতে পারে আমাদের প্রথমদিকের পরীক্ষণ ও পর্যবেক্ষণগুলো কোন একটা তত্ত্বকে সমর্থন করছে। কিন্তু পরে আরো পর্যবেক্ষণ করার পর দেখা গেলো সেই তত্ত্বের কিছু সীমাবদ্ধতা আছে। তখন আমরা আরো উন্নত তত্ত্বের দিকে যাওয়ার চেষ্টা করতে পারি। যেমন আমরা চিরায়ত পদার্থবিজ্ঞান ও আধুনিক পদার্থবিজ্ঞান বিষয়ে আলোচনাতে দেখেছি কীভাবে আমরা আপেক্ষিকতা তত্ত্ব ও কোয়ান্টাম তত্ত্বের দিকে এসেছি।
যখন কোন ঘটনা পরীক্ষিতভাবে নির্দিষ্ট শর্তের উপস্থিতিতে প্রতিবার পুনরাবৃত্তি হয়, তখন তার বৈজ্ঞানিক আকারে প্রকাশিত রূপকে Law বা সূত্র বলে। পদার্থবিজ্ঞান, রসায়ন পড়ার সময়ে বিভিন্ন সূত্র আমাদের সামনে আসবে। যেমন- নিউটনের গতিসূত্র।
প্রসঙ্গত, বাংলা ভাষায় সূত্র শব্দটি Mathematical Formula বোঝাতেও ব্যবহার হয়। যেমন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ।
নীতি বা Principle হলো প্রকৃতির অনিবার্য নিয়ম। নীতি আর সূত্র বেশ কাছাকাছি ধারণা, যখন আরো মৌলিক পর্যায়ের কোন বিষয় হয়, তখন সাধারণত নীতি শব্দটা ব্যবহার হয়। যেমন শক্তির সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শুধু রূপান্তর আছে।